
আবদুর রউফ আশরাফ
সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী শেখ ক্বারী ইমাদ উদ্দিন-কে বিশেষ গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারস্থ ‘তাহযিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা ইমামবাড়ী’ এর উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ ক্বারী ইমাদ উদ্দিন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি তিনি আর্তমানবতার সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে তাঁর অবদান প্রশংসনীয়। প্রতি বছর শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পবিত্র ঈদে উপহার সামগ্রী প্রদান এবং মাহে রমজানে খাদ্য সহায়তাসহ ‘রমজান প্যাকেজ’ পৌঁছানোর মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
সংবর্ধিত প্রধান অতিথি ও ‘তানভির তানজিদ কল্যাণ ট্রাস্ট (ইউ.কে)’ এর চেয়ারম্যান শেখ ক্বারী ইমাদ উদ্দিন তার বক্তব্যে বলেন, “মানুষের সেবা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার জীবনের মূল লক্ষ্য। এলাকার শিক্ষা বিস্তার ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন, তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন আল হাদী, মুফতি ওলীউর রহমান, মাওলানা সালমান আহমদ, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আবুল হাসিম,শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ সাধারণ জনগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

