আবদুর রহমান
সম্পাদক

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, তরুণদের সামনে এখন দেশ গড়ার বড় দায়িত্ব। এ দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরেমনি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার।’ তবে এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি বলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে। এ প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, দেশ ও সমাজের বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখার প্রস্তুতিও।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে তরুণদের আত্মত্যাগ ও অবদান অনস্বীকার্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তরুণদের একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েশন অর্জনকারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্য অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।