ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানো এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রায়পুরা উপজেলার পান্থশালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্স না থাকা, মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।