
ওমর ফারুক
নরসিংদী সরকারি কলেজের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা ছাত্রদল ও নরসিংদী সরকারি কলেজ সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম আহম্মেদ এবং নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল নেতা সানবির আলম নিবির, মিনহাজুর রহমান শ্রাবণ, জীবন ভূঁইয়া, লালন চিশতী, রিদওয়ান, গালিব, পরান আনন্দ ও ইসমাইল সহ জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দশম শ্রেণি পর্যন্ত সরকারিভাবে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হলেও একাদশ শ্রেণিতে ভর্তির পর শিক্ষার্থীদের নিজ খরচে বই কিনতে হয়। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে প্রয়োজনীয় বই সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বই বিতরণকালে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহের দাবি জানান ছাত্রদল নেতা জাহিদ হোসেন জাপ্পি।
তিনি বলেন, “আমরা চাই, সবাই সমান সুযোগ-সুবিধা পাক। কেউ পিছিয়ে থাকুক, এমনটা আমরা চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনা ও সৃজনশীলতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো উদ্যোগে পাশে থাকব।”
শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

