মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ সিজিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মীরা রানী দেবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিজিল মিয়াকে আটক করে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক সিজিল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত সুন্দর আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন তিনি।

এদিকে চিহ্নিত মাদক কারবারিদের আটক করা হলেও পৌর এলাকায় পর্দার আড়ালে থেকে বড় ডিলাররা মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, মাদক কারবারের মাধ্যমে বড় ডিলাররা আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, খুচরা পর্যায়ের কারবারিরা আটক হলেও পর্দার আড়ালে থাকা বড় সরবরাহকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদকের বিস্তার রোধ নিয়ে প্রশ্ন উঠেছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে শুধু খুচরা কারবারিদের আটক করলেই হবে না, মাদকের মূল হোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। মাদকের উৎস, সরবরাহের পথ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সমন্বিত অভিযান ও নিয়মিত নজরদারি প্রয়োজন।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।”