মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলে সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জলসুখা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে সেবা নিতে রাস্তার অভাবে ভোগান্তিতে পড়তে হয়। রাজীব গোপ ও গোপেশ গোপের বাড়ির উপর দিয়ে ক্লিনিকে যেতে হয়। বাড়ির মালিক মাঝে মাঝে যাতায়াতে নিষেধাজ্ঞা দেন। ক্লিনিকের অপর পাশে রয়েছে খাল। ফলে বিকল্প কোনো রাস্তা নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

আরও জানা যায়, ক্ষিতীন্দ্র গোপ ক্লিনিকের জায়গাটি দান করেন। এরপর সরকারিভাবে ক্লিনিক তৈরি হওয়ার পর ক্ষিতীন্দ্র গোপ বাকি জায়গা ক্লিনিকে যাওয়ার জন্য কোনো রাস্তা না রেখেই রাজীব গোপ ও গোপেশ গোপের কাছে বিক্রি করে দেন।

স্থানীয় লোকজন জানান, অন্যের বাড়ির উপর দিয়ে ক্লিনিকে আসা-যাওয়া করতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের সেবা নিতে চরম কষ্ট হয়।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান, মেম্বারসহ প্রশাসনের কারও নজরে এখন পর্যন্ত এই ক্লিনিকের রাস্তার বিষয়টি আসেনি। দ্রুত ক্লিনিকে যাতায়াতের জন্য একটি সরকারি রাস্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন জানান, স্থানীয় জনপ্রতিনিধি রাস্তা করার উদ্যোগ করে দিবেন এটাই নিয়ম। এটার কমিটির সভাপতি মেম্বার উনিও এটার উদ্যোগ নিবে। প্রতি মাসিক মিটিংয়ে বিষয়টি আলোচনা আনা হয় রেজুলেশন করা হয়।  খুব শিগগিরই এটা নিয়ে আলোচনা করে এমপি মহোদয়কে বিষয়টি অবগত করবো।