মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, পোশাক, কম্বল, চকলেট ও কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।‎‎

বুধবার (১৪ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।‎‎

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৯টি শাড়ি, একটি থ্রি-পিস, একটি টু-পিস, তিনটি কম্বল, দুই প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস, ৩৬০টি চকলেট, এক প্যাকেট সনপাপড়ি ও ১৪১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা।‎‎

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।‎‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।‎