
ওমর ফারুক
মানসম্মত পণ্য উৎপাদন, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে নরসিংদীতে বিশ্ব মান দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘Shared Vision for a Better World: Affordable and Clean Energy’, যার বাংলা ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দীন খান, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার খোকন এবং শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রায়হান সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের গুরুত্ব, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং টেকসই বিশ্ব গঠনে মানের ভূমিকা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।স্বাগত বক্তব্যে বিএসটিআইয়ের নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিসপ্রধান মোহাম্মদ শফিকুল আলম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, পণ্য উৎপাদন ও আমদানির ক্ষেত্রে বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা সংশ্লিষ্টদের দায়িত্ব। একই সঙ্গে ভোক্তাদের মানসম্পন্ন পণ্য কেনার বিষয়ে সচেতন হতে হবে। আলোচনায় বক্তারা বলেন, শুধু পণ্যের গুণগত মান বজায় রাখলেই হবে না, বাজারজাতকরণের ক্ষেত্রেও সঠিক পরিমাপ নিশ্চিত করতে হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং অনিয়মে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান তাঁরা।বক্তারা আরও বলেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার এবং আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ সুগম করা সম্ভব।
এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিএসটিআইয়ের নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

