সোহাগ মিয়া
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে মুদি দোকানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) শিবপুর মডেল থানাধীন ধানুয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ দখলীয় দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আসিফ মিয়া (২৫)। তিনি ধানুয়া দক্ষিণ পাড়া এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) জনাব মোঃ ছানাউল্লাহ মিয়ার নেতৃত্বে একদল সদস্য ধানুয়া গ্রামস্থ আসিফের মালিকানাধীন ‘সরকার স্টোর’ নামীয় মুদি দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তল্লাশি চালিয়ে তার নিজ দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর উপ-পরিদর্শক মোঃ ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বলেন: ​”নরসিংদী জেলাকে মাদকমুক্ত করতে আমাদের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবপুরে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরপূর্বক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।