
আবদুর রহমান
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে বিএনপি। বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের সাত মাসের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিফলন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুতের লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসনে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির রাজনৈতিক দায়বদ্ধতার পরিচয়।
প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করছেন। নিরাপদ খাবার পানি, গ্যাস ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত ক্যাম্পে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
ক্যাম্পে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দেওয়ার জন্য অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (এনসিডি), পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

