
আবদুর রহমান
সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, সম্পাদক, সাংবাদিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মো. জাকারিয়া তাহের সুমন বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার।
গণপূর্তমন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে বদলি ও পদায়ন নিয়ে নানা অনিয়ম এবং তদবিরের অভিযোগ ছিল। এসব বন্ধ করে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে উন্মুক্ত পরিবেশে এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
তিনি বলেন, সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে বদলি ও পদায়ন বাণিজ্য বন্ধে নেওয়া স্বচ্ছ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা কাম্য নয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি দেশবরেণ্য সাংবাদিক প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। প্রতিষ্ঠার ৪৫ বছরের পথচলা উপলক্ষে আয়োজিত এ সমাবেশে দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
তথ্যমতে, এক হাজারের বেশি সাংবাদিক ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সমাবেশটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। এ ছাড়া ২০টি দেশের এজেন্সির প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সংস্থার বিদায়ী সভাপতি আছিয়া আক্তার শারীরিক অসুস্থতার কারণে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেন।
এতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মো. আলমগীর গনি এবং মহাসচিব হিসেবে মো. মনজুর হোসেনের নাম ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত ঐক্য বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার সদ্য সাবেক মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে সাংবাদিক সমাজের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

