মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫টি শাড়ি, থ্রি-পিস, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিকসসহ ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
‎
‎আটক মালামালের মধ্যে রয়েছে ৩৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ২৪০টি চকলেট ও ৭০টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।
‎
‎৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎